পেকুয়ায় ভয়াবহ আগুনে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডারপাড়া এলাকায় বাহাদুরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাহাদুরের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে আসতে পারলেও ঘরের আসবাবপত্র, মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর জানান, ভোরে বাহাদুরের বাড়িতে আগুন লাগে। তিনি দিনমজুরি করে সংসার চালান। আগুনে তার সবকিছু শেষ হয়ে গেছে।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এর আগেই বসতঘরের সবকিছু পুড়ে যায়।








