Logo

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে চারজনের জেল

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৮ জুন, ২০২৬, ২১:০৮
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে চারজনের জেল
ছবি: সংগৃহীত

গাজীপুরে মাদক সেবনের অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুন) শহরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন, সাহাপাড়া ও উত্তর ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের প্রমাণ মিললে তাঁদের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার মো. রহমত আলী (৩৮) ও নেত্রকোণার চল্লিশা বামনিকোণা এলাকার মো. আমিনুল হককে (৩৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া সাহাপাড়া এলাকার রাসেল আহম্মেদ রাজু (৩২) এবং উত্তর ছায়াবিথী এলাকার মো. মমিনকে (২৬) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

বিজ্ঞাপন

পরে দণ্ডপ্রাপ্ত চারজনকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা ও উপপরিদর্শক জুয়েল মিয়া।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD