ফুলছড়িতে যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৭টার দিকে গাইবান্ধা শহর থেকে ফেরার পথে ফুলছড়ি উপজেলার ফলিয়ার পাথার এলাকায় পৌঁছালে পাঁচজন ব্যক্তি তাকে অটোরিকশা থেকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেটের উপরের অংশে একাধিক আঘাত করা হয়।
হামলার একপর্যায়ে পাশের এলাকার এক ব্যক্তির টর্চলাইটের আলো ঘটনাস্থলে পড়লে হামলাকারীরা আরিফকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় আরিফ দৌড়ে গিয়ে প্রাণে রক্ষা পান।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয়রা জানান, হামলায় তার পেটের উপরের অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়া গলার বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুলহোদা জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। চিকিৎসা শেষে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








