Logo

গাজীপুরের হাড়িনালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২২ জুন, ২০২৬, ১৫:২৭
গাজীপুরের হাড়িনালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের হাড়িনাল বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহকসেবা দেওয়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির উদ্বোধন করেন সাংবাদিক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী জুলীয়াস চৌধুরী।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে জুলীয়াস চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে। হাড়িনালের মতো দ্রুত বর্ধনশীল এলাকায় এ আউটলেট স্থানীয় মানুষের দোরগোড়ায় উন্নত আর্থিক সেবা পৌঁছে দেবে।

তিনি আরও বলেন, অনেক মানুষ এখনও প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে নিরাপদ সঞ্চয়, রেমিট্যান্স গ্রহণ, ঋণ সুবিধা ও ডিজিটাল আর্থিক সেবার সুযোগ আরও বিস্তৃত হবে। ক্ষুদ্র উদ্যোক্তা, প্রবাসী পরিবার, ব্যবসায়ী, নারী ও তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, নতুন এ আউটলেট থেকে হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স গ্রহণ, বিভিন্ন ধরনের ঋণ সুবিধাসহ আধুনিক ব্যাংকিংয়ের প্রায় সব ধরনের সেবা পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংক পিএলসির এ এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালনার দায়িত্বে রয়েছেন হাড়িনালের ঐতিহ্যবাহী পরিবারের চার ভাই— শাকিল আহমেদ, মাহবুবুর রহমান, মোস্তাক আহমেদ ও মুশফিকুর রহমান।

আউটলেটের অন্যতম উদ্যোক্তা মুশফিকুর রহমান বলেন, পারিবারিক ঐতিহ্য, সুনাম ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে গ্রাহকদের আন্তরিকতার সঙ্গে সর্বাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তারা জানান, গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ও পরিচালনা, এফডিআর, ডিপিএস, কার লোন, মোটরসাইকেল ঋণ, এসএমই ঋণ, রেমিট্যান্স সেবা এবং ডেবিট, ক্রেডিট ও ভিসা কার্ডের মাধ্যমে লেনদেনের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক, শিক্ষিকা সেলিনা বেগম, ব্র্যাক ব্যাংক পিএলসির টিম লিড মো. আশরাফুল আলম, গাজীপুর এসএমই ও কৃষি শাখার ব্যবস্থাপক মো. তরিকুল ইসলামসহ ব্যাংক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো. বেলায়েত হোসেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD