‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’ স্লোগানে উত্তাল রাজপথ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল এবং তাকে পুনরায় দায়িত্বে বহাল রাখার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এলাকা এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) দুপুরে ‘সিলেটের সর্বস্তরের জনগণ’ ও ‘সিলেট কল্যাণ সংস্থা’র ব্যানারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ এবং নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি জানিয়ে ‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’ এমন বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, সিলেটে দায়িত্ব পালনকালে সারওয়ার আলম জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন এবং প্রশাসনকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে কাজ করেছেন। তাদের ভাষ্য, চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও এক বছর সিলেটে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসককে সরিয়ে দেওয়ার পেছনে কিছু অদৃশ্য ও স্বার্থান্বেষী মহলের প্রভাব থাকতে পারে। তারা মনে করেন, জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত জনমনে প্রশ্ন তৈরি করেছে।
আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী এবং সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সারওয়ার আলমকে পুনর্বহাল করা উচিত।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও দুপুর সোয়া ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বিজ্ঞাপন
তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন। প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন, এমনকি হরতালের মতো কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানান তারা।
উল্লেখ্য, একই দাবিতে এর আগের দিন রোববারও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানেও বক্তারা জেলা প্রশাসকের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি জানান এবং দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে সরকারি আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একইসঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি।
মো. সারওয়ার আলম ২০২৫ সালের ২১ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভেজালবিরোধী অভিযানে তার সক্রিয় ভূমিকা এবং শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে তিনি দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছিলেন।
পরবর্তীতে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং উপসচিব পদে পদোন্নতি লাভের পর সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।








