পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের নিরাপদ পানির উৎস ক্রমেই সংকুচিত হচ্ছে এবং অনেক নদী শুকিয়ে যাওয়ার পথে। এ পরিস্থিতির জন্য তিনি প্রতিবেশী দেশের পানি বণ্টনে বৈষম্যের বিষয়টিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা খাল খনন কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে পানিসংকটের একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। এ সংকট মোকাবিলায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, পানি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য খালগুলোকে কার্যকর রাখা প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা জরুরি। গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হলে জাতীয় অর্থনীতিও আরও শক্ত ভিত্তি পাবে। অতীতে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা জোরদারের উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
আসাদুল হাবিব দুলু বলেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে জলাবদ্ধতা ও ফসলের ক্ষয়ক্ষতি কমানো যাবে।
এ সময় তিনি জানান, খাল পুনঃখননের পাশাপাশি খালের দুই তীরে বৃক্ষরোপণ কার্যক্রমও চালানো হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. কবির জিন্নাসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








