পরকীয়া-সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগ

রংপুরের পীরগাছা উপজেলায় চাঁদ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার কান্দি ইউনিয়নের দিগটারী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মূল অভিযুক্ত মাহাফুজ আহম্মেদ মিঠুনকে (৩৫) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত চাঁদ মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর অনুপস্থিতিতে স্ত্রী মুক্তি বেগমের সঙ্গে প্রতিবেশী মাহাফুজ আহম্মেদ মিঠুনের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে চাঁদ মিয়াকে একা পেয়ে মাহাফুজ আহম্মেদ মিঠুন তার ওপর হামলা চালান। একপর্যায়ে চাঁদ মিয়া প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে তাকে বের করে মারধর ও লাথি মারা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।
বিজ্ঞাপন
খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় নিহতের ভাগ্নে মো. আলম মিয়া বাদী হয়ে সুনির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।








