কাপাসিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চরসমানিয়া গ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১ বছর ১০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সারাদিন ট্রলি চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন শিশুটির বড় ভাই। ট্রলি নিয়ে বাড়ির আঙিনায় প্রবেশ করার সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছোট্ট আব্দুল্লাহও আনন্দে বড় ভাইয়ের দিকে ছুটে যায়। এ সময় অসাবধানতাবশত সে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
প্রতিবেশী শামিম ফকির বলেন, শিশুটি বড় ভাইকে ট্রলি নিয়ে বাড়িতে ফিরতে দেখে আনন্দে দৌড়ে যায়। কিন্তু মুহূর্তের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কাপাসিয়া থানার এএসআই বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছে।








