Logo

পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচির উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৫ জুলাই, ২০২৬, ১৪:০৩
পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচির উদ্বোধন
ছবি: প্রতিনিধি

ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) সকালে পিরোজপুরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ড্রেন বা রাস্তার পাশে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি জানান, প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যাতে নিয়মিতভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

এ ছাড়া কর্মসূচিকে টেকসই করতে তরুণ ও যুবকদের সমন্বয়ে এলাকাভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ বর্জ্য পরিবহন গাড়িও প্রদান করা হবে বলে জানান তিনি।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা যদি ডাস্টবিনে ময়লা না ফেলি, তাহলে রাস্তাঘাট কখনোই পরিষ্কার থাকবে না। নিজেদের এবং আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্য সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

কর্মসূচি বাস্তবায়নে পিরোজপুর পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জেলা পরিষদকে সহযোগিতা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন নিজেও ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নেন, যা উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে।

বিজ্ঞাপন

মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পিরোজপুর শহরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও সচেতন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD