বৈরী আবহাওয়ায় হাতিয়ার ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বিজ্ঞাপন
রবিবার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে হাতিয়ার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন: গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
সকাল থেকেই যাত্রীদের নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা গেলেও উত্তাল নদীর কারণে সি-ট্রাক, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযান চলাচল করেনি।
বিজ্ঞাপন
ফেরি মহানন্দা-এর মাস্টার তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া-চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।








