Logo

ভুয়া সনদে শিক্ষকতার অভিযোগ, নওগাঁয় অপসারণের দাবিতে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
৫ জুলাই, ২০২৬, ১৫:৪৭
ভুয়া সনদে শিক্ষকতার অভিযোগ, নওগাঁয় অপসারণের দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে দীর্ঘদিন শিক্ষকতা, কাজির দায়িত্ব পালনসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিক্ষা অফিসের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল কাদের প্রায় ৪১ বছর ধরে ভুয়া সনদের মাধ্যমে শিক্ষকতা করে আসছেন। পাশাপাশি তিনি ৫ নম্বর ওয়ার্ডে কাজির দায়িত্ব পালনসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তৌফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও অভিভাবক রফিকুল ইসলাম, ইসরাফিল হোসেন তুষার, রানা হামিদ, সেকেন্দার আলী, দুলাল হোসেন মণ্ডল, জনি মণ্ডল ও আনোয়ার হোসেনসহ স্থানীয় অনেকে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক সনদ জালিয়াতির মাধ্যমে শিক্ষকতার পাশাপাশি কাজির দায়িত্ব পালন করছেন। তাদের দাবি, তিনি বিভিন্ন অনিয়ম, প্রতারণা ও বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকায় প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

তারা অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তা অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী আরমান আনছারী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD