Logo

মাটিরাঙায় ‘বরক্ স্বনির্ভর সমিতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
৫ জুলাই, ২০২৬, ১৬:৫২
মাটিরাঙায় ‘বরক্ স্বনির্ভর সমিতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
ছবি: প্রতিনিধি

‘এসো স্বনির্ভর জাতি গড়ি, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙায় বরক্ স্বনির্ভর সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় মাটিরাঙা চরপাড়ার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও ফিতা কেটে সমিতির উদ্বোধন করা হয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, সমাজের নৈতিক মূল্যবোধ সংরক্ষণ, পিছিয়ে পড়া ত্রিপুরা সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

বরক্ স্বনির্ভর সমিতির সভাপতি ত্রিপন জয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিশন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক তিনকড়ি চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে ঐক্য ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার পাশাপাশি কারিগরি, ধর্মীয় ও মানবিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্না চক্রবর্তী, স্থানীয় মৌজা প্রধান (হেডম্যান) ত্রিদিব নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মাটিরাঙা আঞ্চলিক শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা, মাটিরাঙা কার্বারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যতীন বন্ধু ত্রিপুরা, ভূমি অফিসের সার্ভেয়ার জীবন কুমার ত্রিপুরা, কার্বারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোবিকাশ ত্রিপুরা, বরক্ স্বনির্ভর সমিতির সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা, কোষাধ্যক্ষ অর্পণ বিকাশ ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, মাটিরাঙা উপজেলা শাখার সভাপতি দিগেন ত্রিপুরা।

অনুষ্ঠানে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঋণ বিতরণের মাধ্যমে সমিতির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, বরক্ স্বনির্ভর সমিতির কার্যক্রম দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং ত্রিপুরা সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD