Logo

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
৬ জুলাই, ২০২৬, ১৫:২৪
খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের পূজগাং এলাকার মধুমঙ্গলপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে মধুমঙ্গলপাড়ায় পৌঁছালে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে বাকি দুই যুবককে জোর করে সঙ্গে নিয়ে যায় হামলাকারীরা বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পর পাঠানো এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) দাবি করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা দাবি করেন, জেএসএস (সন্তু) গ্রুপের ভেতরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে অসন্তোষ ছিল। তার দাবি, সোমবার ওই সংগঠনের পাঁচ সদস্য দল ছাড়ার চেষ্টা করলে মধুমঙ্গলপাড়ায় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনজন নিহত হন এবং অপর দুইজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

তবে ইউপিডিএফের এ দাবির বিষয়ে জেএসএস (সন্তু) গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ, নিহত ও নিখোঁজদের পরিচয় এবং হামলায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

জেবি/এইচআর/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD