কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রতন (১৯) উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার বাসিন্দা এবং হোসেন মিস্ত্রীর সেজো ছেলে। স্থানীয় সূত্রে তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রতন নিজ ঘরে ছিলেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রতনের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সংবাদ পাওয়া পর্যন্ত তার দাফনের প্রস্তুতি চলছিল।
ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।








