Logo

দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িতদের পাশে কাজ করবে মেইজ ফাউন্ডেশন

profile picture
উপজেলা প্রতিনিধি
সদরপুর, ফরিদপুর
১১ জুলাই, ২০২৬, ১৫:২৬
দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িতদের পাশে কাজ করবে মেইজ ফাউন্ডেশন
ছবি: প্রতিনিধি

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেইজ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, মেইজ ফাউন্ডেশন মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। এর অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা, অতিদরিদ্র ও বেকার যুবকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি মনসুর আলী খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে মেইজ ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহিদুল ইসলাম খান বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোও মানবিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেইজ ফাউন্ডেশনের মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তিনি সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাইদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD