বাউফলে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়কের একটি বাসা থেকে ইসরাত জাহান নিশি (২৮) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির মোল্লার মেয়ে এবং বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুল ইসলাম ঢালীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে মনিরুল ইসলাম ঢালীর সঙ্গে নিশির বিয়ে হয়। এর আগে মনিরুলের আরেকটি বিয়ে হলেও দাম্পত্য কলহের জেরে সেই সংসারের বিচ্ছেদ ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে খাবার শেষে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে নিশি আলাদা একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। শনিবার সকালে আবারও ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিশির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বামী মনিরুল ইসলাম ঢালী বলেন, রাতে সামান্য মনোমালিন্যের পর নিশি আলাদা কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাতে এবং সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।








