Logo

কর্দমাক্ত সড়কে দুর্ভোগে রেমা-কালেঙ্গাবাসী, দ্রুত সংস্কারের দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
১১ জুলাই, ২০২৬, ১৩:৩২
কর্দমাক্ত সড়কে দুর্ভোগে রেমা-কালেঙ্গাবাসী, দ্রুত সংস্কারের দাবি
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা এলাকার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হওয়ায় শতাধিক গ্রামের মানুষ, চা বাগানের শ্রমিক, শিক্ষার্থী ও যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, দারাগাঁও, হাতিমারা চা বাগান ও রেমা-কালেঙ্গা বনাঞ্চলের সঙ্গে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার মানববন্ধন, আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জানা গেছে, সড়কের কিছু অংশে উন্নয়নকাজ শুরু হলেও তা সম্পূর্ণ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় ভরে যায়। এতে প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালেঙ্গা এলাকার বাসিন্দা মো. হাসান আলীসহ কয়েকজন অটোরিকশাচালক জানান, কর্দমাক্ত সড়কে যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয়। অনেক সময় অটোরিকশা উল্টে যায়। বড় বড় গর্তের কারণে যাত্রীরা ঝাঁকুনিতে বিরক্ত হন এবং দুর্ঘটনার ঝুঁকি সবসময় থেকেই যায়।

স্থানীয় একটি চা স্টলে কথা হয় কয়েকজন বাসিন্দার সঙ্গে। তারা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

রেমা চা বাগানের বাসিন্দা জুবায়ের মিয়া বলেন, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, তার ওপর কাদা। ঠিকমতো হাঁটাও যায় না। জরুরি রোগী হাসপাতালে নিতে গেলেও চরম ভোগান্তি পোহাতে হয়। মাত্র পাঁচ মিনিটের পথ অতিক্রম করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসার সময় কাদার কারণে তাদের পোশাক নোংরা হয়ে যায়। অনেক সময় পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ার বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সংস্কারকাজ শুরু করার চেষ্টা করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD