Logo

পাটগ্রাম সীমান্তে পুশ ইন ব্যর্থ, ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

profile picture
উপজেলা প্রতিনিধি
পাটগ্রাম, লালমনিরহাট
১২ জুলাই, ২০২৬, ১৮:৫১
পাটগ্রাম সীমান্তে পুশ ইন ব্যর্থ, ৩ নারীকে ফেরত নিল বিএসএফ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিন নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে। অপরদিকে ভারতীয় অংশেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি, স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া গ্রামের সীমান্তে প্রধান পিলার ৮৩৪-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার গোলাপাড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার পাশের আলো নিভিয়ে দেয় বিএসএফ। পরে পুশ ইনের উদ্দেশ্যে আনা তিন নারীকে শূন্যরেখা থেকে ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে শনিবার ভোরে একই সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৯ নম্বর উপপিলার এলাকা দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা আটজন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে পাঁচজন ট্রেনে বাংলাদেশের অভ্যন্তরে চলে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি জানায়, বিএসএফ তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের পুনরায় শূন্যরেখার দিকে ফিরিয়ে দেওয়া হয়। পরে ওই তিন নারী প্রায় ২০ ঘণ্টা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছে খোলা আকাশের নিচে অবস্থান করেন।

ঘটনার পর শনিবার দুপুর ১২টার দিকে প্রধান পিলার ৮৩৩-এর ৮ নম্বর উপপিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি টহল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খরখড়িয়া বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্টসহ ছয়জন এবং বিজিবির ধবলসূতি ক্যাম্পের নায়েব সুবেদার জুবায়ের হোসেনসহ ছয়জন সদস্য অংশ নেন।

বৈঠকে বিজিবি বিএসএফকে তিন নারীকে দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়। জবাবে বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরে শনিবার দিবাগত রাতেই তিন নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অপস) কারিমুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক খুদে বার্তায় তিন নারীকে বিএসএফ ফেরত নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD