Logo

পরিবেশ দূষণের দায়ে দুই খামারিকে ৬০ হাজার টাকা জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৪ জুলাই, ২০২৬, ১৫:২১
পরিবেশ দূষণের দায়ে দুই খামারিকে ৬০ হাজার টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার তিতারচালা এলাকায় মুরগির খামারের বিষ্ঠা ও বর্জ্য সরাসরি বানার নদীতে ফেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই খামারিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে পরিচালিত এ অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) উপজেলার আছিম-কান্দানিয়া সড়কের তিতারচালা গ্রামের উঁচা ভিটা সেতু সংলগ্ন বানার নদীর তীরে অবস্থিত দুটি পোল্ট্রি খামারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, খামার দুটির বিষ্ঠা ও বর্জ্য কোনো ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সরাসরি বানার নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশ, জলজ প্রাণী এবং স্থানীয় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হচ্ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশ দূষণের দায়ে দুই ব্যক্তির প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অভিযুক্তরা ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযান পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকটি পোল্ট্রি খামার থেকে অপরিশোধিত বর্জ্য সরাসরি বানার নদীতে ফেলা হচ্ছিল। এর ফলে নদীর পানি কালচে রঙ ধারণ করে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বর্ষা মৌসুমে এসব বর্জ্য নদীর পানির সঙ্গে আশপাশে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষণের পাশাপাশি মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্যও হুমকি সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পরিবেশ দূষণের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD