ডেভিড ইমনকে ধরতে চট্টগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞাপন
জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় পুলিশের অভিযান অব্যাহত ছিল।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, অভিযানের শুরুতেই ডেভিড ইমনের পরিবারের কয়েকজনের মোবাইল ফোন জব্দ করে তথ্য সংগ্রহ করা হয়। পরে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও রাত পর্যন্ত তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন বিদেশে পলাতক ইন্টারপোলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চট্টগ্রামে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আলোচিত একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০২৫ সালে বাকলিয়ার জোড়া হত্যাকাণ্ড ও পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় তিনি অভিযুক্ত।
সম্প্রতি নগরের চকবাজার এলাকার একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার (১৩ জুলাই) ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ওই প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার অডিও রেকর্ড ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনকে গ্রেপ্তারের লক্ষ্যে তার নিজ এলাকা ফটিকছড়ির কাঞ্চননগরে বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশের একাধিক টিম।








