মাদারীপুর থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার

মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী হেফাজতকক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে (৩৫) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) ভোরে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হাসিনা বেগম মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কালাইমারা এলাকার আল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর মডেল থানার অধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান তাকে আটক করেন। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সদর মডেল থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় বর্তমানে ওসির সরকারি বাসভবনের নিচতলায় অস্থায়ীভাবে থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল হাসিনাকে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সুযোগ বুঝে তিনি ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।
বিজ্ঞাপন
ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিকভাবে দায়িত্বে থাকা ডিউটি অফিসার ও সেন্ট্রিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।








