বাগাতিপাড়ায় সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মাহাবুবুর রহমান (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
নিহত মাহাবুবুর রহমান উপজেলার পাঁকা ইউনিয়নের বাসিন্দা এবং মৃত হারুন অর রশিদের তৃতীয় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাঁকা বাজারে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রবিবার (১৯ জুলাই) বিকেলে আসরের নামাজ আদায়ের পর তিনি পাঁকা বাজারে নিজের ওষুধের দোকানে যান। পরে দোকানের পেছনে প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলে সেখানে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। শুরুতে তিনি বিষয়টি গুরুত্ব না দিলেও কিছু সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিস্থিতি খারাপ হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, হাসপাতালে আনার পর তার শরীরে সাপের বিষক্রিয়ার স্পষ্ট লক্ষণ পাওয়া যায়। দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাহাবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে পাঁকা বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন এবং এলাকার পরিচিত ও আস্থাভাজন একজন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।








