৯৯৯-এ কলের পর হামহামে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে সফল উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
ভ্রমণের একপর্যায়ে দুর্গম পাহাড়ি পথে দলের একজন সদস্য পা পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় পর্যটকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাতীয় জরুরি সেবা থেকে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আহত পর্যটককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া অন্য সব পর্যটক সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে।








