Logo

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে বারহাট্টা

profile picture
উপজেলা প্রতিনিধি
বারহাট্টা, নেত্রকোণা
২১ জুলাই, ২০২৬, ১৫:৪০
দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে বারহাট্টা
ছবি : এআই দিয়ে তৈরি

দীর্ঘদিনের প্রত্যাশা এবার বাস্তবে রূপ নেওয়ার পথে নেত্রকোনার বারহাট্টাবাসীর। উপজেলার নির্ধারিত কয়েকটি ইউনিয়নের পল্লি এলাকা অন্তর্ভুক্ত করে বারহাট্টাকে পৌরসভায় রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের পৌরসভা হওয়ার স্বপ্ন পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

১৯০৬ সালের ১৫ জুন বারহাট্টা থানা প্রতিষ্ঠিত হয়। একসময় হাওরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এলাকাটি। ব্রিটিশ শাসনামলে মোহনগঞ্জ, আটপাড়া ও খালিয়াজুড়ির বিস্তীর্ণ হাওর অঞ্চলও বারহাট্টা থেকেই পরিচালিত হতো। তবে দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে নানা দিক থেকে পিছিয়ে পড়তে থাকে ঐতিহ্যবাহী এ জনপদ।

বারহাট্টার পাশের উপজেলা মোহনগঞ্জ ১৯৭৫ সালেই পৌরসভায় উন্নীত হলেও এতদিন সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন বারহাট্টার বাসিন্দারা। বিভিন্ন সময়ে পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে পৌরসভা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি বারহাট্টাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগটি নতুন গতি পেয়েছে। জুলাই আন্দোলনের পর বিএনপি সরকার গঠনের পর নেত্রকোনা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক তাঁর নির্বাচনী প্রচারণায় বারহাট্টাকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

ইতোমধ্যে বারহাট্টা পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে প্রস্তাবিত পৌর এলাকার সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বারহাট্টা সদর ইউনিয়নের পাশাপাশি আসমা, বাউসি ও সাহতা ইউনিয়নের নির্ধারিত কিছু অংশকে অন্তর্ভুক্ত করে পৌরসভা গঠনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সুস্পষ্ট মতামত পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য ও মতামত পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বারহাট্টাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক শিক্ষক নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্রিটিশ আমল থেকেই বারহাট্টার আলাদা ঐতিহ্য রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে এলাকাটি নানা দিক থেকে পিছিয়ে পড়েছে। পৌরসভা হলে নাগরিকদের জীবনমান ও সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটবে। সংসদ সদস্যের উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করে দ্রুত পৌরসভা গঠনের বাস্তবায়ন প্রত্যাশা করেন।

বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, বারহাট্টা একটি পুরোনো উপজেলা। দীর্ঘদিন ধরে পৌরসভা হওয়ার আলোচনা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সংসদ সদস্য উদ্যোগ নেওয়ায় বারহাট্টা এখন পৌরসভায় রূপান্তরের পথে এগোচ্ছে। এ উদ্যোগের জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, দীর্ঘদিন পিছিয়ে থাকা বারহাট্টাকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগকে উপজেলাবাসী স্বাগত জানাচ্ছেন। জাতীয় নির্বাচনের আগে এটি সংসদ সদস্যের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এ উদ্যোগের জন্য সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, বারহাট্টাকে পৌরসভায় রূপান্তরের বিষয়ে একটি চিঠি তিনি দেখেছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চাওয়া হয়নি। এ বিষয়ে তথ্য চাওয়া হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বারহাট্টা ঐতিহ্যবাহী ও পুরোনো একটি উপজেলা। পৌরসভা হলে এখানকার মানুষের বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।

নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, বারহাট্টা উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা সময়ের দাবি। একই সঙ্গে এটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিরও অংশ ছিল। পৌরসভা হলে এলাকার সড়ক যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দ পাওয়া সহজ হবে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ এনে পৌরসভার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা সম্ভব হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ পাওয়ার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় বারহাট্টার সাধারণ মানুষের মধ্যে এখন নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই বারহাট্টাকে পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে ঘোষণা করা হবে। এর ফলে নাগরিক সেবা বাড়ার পাশাপাশি এলাকার যোগাযোগ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নও আরও গতিশীল হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD