উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের পৃথক মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ দলটির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম ও শাহাদত হোসেন এবং বিএনপি কর্মী আব্দুল মোমিন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। একই দিনে মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে মো. আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন।
পরে ওই দুই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযান চালিয়ে আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মারধর ও চাঁদাবাজির পৃথক দুটি মামলায় আজাদ হোসেনসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।








