ভুয়া ভিডিও প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়ের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় করা এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও এবং ছবি ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ছবি, ভিডিও কিংবা তথ্য যাচাই না করে শেয়ার না করার জন্য সাধারণ ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান বক্তারা। অপপ্রচার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা জাসাস নেতা ইউনুস শেখ, পঞ্চগড় পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, অ্যাডভোকেট আব্দুল বারী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








