কমলগঞ্জের পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার, অস্ত্র মামলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শমশেরনগর রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পাওয়ার পর শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনালা পাইপগান উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে অস্ত্রটি জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের প্রাথমিক তদন্তে শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩) এর সঙ্গে এ ঘটনার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ঘটনায় একটি অস্ত্র মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহান মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।








