বাউফলে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আমার যতটুকু সামর্থ্য আছে, তার সবটুকু দিয়েই বাউফলের মানুষের জন্য কাজ করে যাব। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব ও অঙ্গীকার।’
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, জামায়াত নেতা মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে টিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১০ হাজার টাকা হয়তো কোনো পরিবারের জন্য বড় ধরনের সহায়তা নয়, তবে তাৎক্ষণিক সংকট মোকাবিলায় এই অর্থ কিছুটা স্বস্তি দিতে পারে। তিনি এ অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়নি। বরং প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহে স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করলেও চূড়ান্ত তালিকা প্রণয়নের সময় প্রকৃত হকদারদেরই গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে অনুদানের চেক, টিন ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য অতিথিরা।








