Logo

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, বিকাশ কর্মীদের ৫৭ লাখ টাকা লুট

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২ আগস্ট, ২০২৬, ১৬:৫২
টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, বিকাশ কর্মীদের ৫৭ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিকাশের তিন কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় ডাকাতদের গুলি ও মারধরে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ স্থলবন্দরের উত্তরে ১৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. আরমান (২৪), সাকিব (২১) ও একরাম (২২)। তারা সবাই টেকনাফ পৌরসভার বাসিন্দা এবং বিকাশের টেকনাফ এজেন্সির সেলসম্যান হিসেবে কর্মরত। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসচালক, আহত ব্যক্তি ও কয়েকজন যাত্রীর বরাত দিয়ে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাস ১৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে পেরেক লাগানো গাছ ফেলে বাসটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে বাসে উঠে বিকাশের তিন কর্মীকে মারধর করে এবং গুলি ছোড়ে। এরপর তাদের কাছে থাকা নগদ অর্থ নিয়ে গুলি করতে করতে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

জানা গেছে, ওই তিন কর্মী টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তাদের কাছে প্রায় ৫৭ লাখ টাকা ছিল বলে দাবি করেছেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ বিকাশ কর্মী মো. আরমান অভিযোগ করে বলেন, নগদ অর্থ বহনের বিষয়টি দুর্বৃত্তরা কীভাবে জানল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। পাশাপাশি ডাকাতদের হামলার সময় বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, এ ঘটনায় কোনো ধরনের যোগসাজশ ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা উচিত।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারগামী একটি বাসে হামলা চালিয়ে বিকাশ কর্মীদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে লুট হওয়া অর্থের সুনির্দিষ্ট পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD