পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার দুই চোর

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মিরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পূবাইল থানায় দায়ের হওয়া একটি চুরির মামলার এজাহারভুক্ত আসামি শামীম মিয়া (২৮) ও ওমর ফারুক বাবু (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদী মো. উজ্জল শেখের চুরি হওয়া পাঁচ ব্যাটারিবিশিষ্ট একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গত ১৭ জুলাই সন্ধ্যা থেকে ১৮ জুলাই ভোরের মধ্যে পূবাইলের নয়ানীপাড়া এলাকা থেকে ইজিবাইকটি চুরি হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামিকে উদ্ধারকৃত ইজিবাইকসহ আদালতে পাঠানো হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পূবাইল থানা পুলিশ সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ করছে।








