সাংবাদিকতায় আপস নয়, পেশাদারিত্বের আহ্বান : কাদের গণি চৌধুরী

রাষ্ট্র ও ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায় আনা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যমের পরাজয় মানেই জনগণ ও রাষ্ট্রের পরাজয়। তাই কোনো অপশক্তির কাছে সাংবাদিকতাকে পরাজিত হতে দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে আয়োজিত ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক একদিনের কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন সাংবাদিক অংশ নেন।
কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকতার মূল শক্তি সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব। রাষ্ট্র, সরকার কিংবা যেকোনো ক্ষমতাকেন্দ্রকে প্রশ্ন করার মধ্য দিয়েই গণমাধ্যম তার প্রকৃত দায়িত্ব পালন করে। তিনি অতীতে সাংবাদিকতায় তোষণ ও অনৈতিক চর্চার সমালোচনা করে বলেন, এসব প্রবণতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্মশালায় প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঞা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, তথ্য যাচাই, নৈতিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই জনগণের আস্থা অর্জনের সবচেয়ে কার্যকর উপায়।
অনুষ্ঠানের শুরুতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। পরে মূল অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইয়ুব ভূঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদ প্রদান করা হয় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াকে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ তার হাতে সদস্যপদের সনদ তুলে দেন। সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, সাংবাদিক সমাজের এ স্বীকৃতি তাকে জনস্বার্থে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি শিশু অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
বিজ্ঞাপন
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল এবং শিশু অধিকার বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে দেবাশীষ রঞ্জন সরকার শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে উপস্থাপনা করেন।
এ ছাড়া জেলা প্রশাসকের উদ্যোগে পরিচালিত ‘ভালো কাজের ভালো মানুষ’ কর্মসূচির আওতায় গাজীপুরের তিনটি মানবিক উদ্যোগ নিয়ে নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, নৈতিক, দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতা চর্চা আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন








