আনসারের অভিযানে চুরির চেষ্টা নস্যাৎ, হাতেনাতে চোর ধরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযানে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
আনসার সূত্রে জানা গেছে, সম্প্রতি রূপগঞ্জের লিনা পেপার মিলস লিমিটেডে সংঘবদ্ধ একটি চোরচক্র একাধিকবার চুরির চেষ্টা চালায়। বিষয়টি নজরে আসার পর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, শিবির ইনচার্জ এবং দায়িত্বে থাকা সদস্যদের সমন্বয়ে প্রতিষ্ঠানে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি লোহা/রড, একটি প্রিন্টার, দুটি ডিজাইন লাইট ও একটি সার্ভে স্ট্যান্ড উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি ও দুটি শাবল জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ। পরে ধৃত আসামিকে উদ্ধারকৃত মালামাল, জব্দকৃত আলামত এবং একটি অটোরিকশাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
লিনা পেপার মিলস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের দ্রুত, সাহসী ও পেশাদার পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। তাদের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে কর্তৃপক্ষ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং জেলা কমান্ড্যান্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তায় আনসার সদস্যদের এমন সতর্ক ও কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।








