প্যারাসেইলিং দুর্ঘটনায় মৃত্যু, মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রশাসনের অব্যবস্থাপনা ও পর্যাপ্ত তদারকির অভাবকে দায়ী করেছেন নিহতের স্বজনরা।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) বিকেলে নিহতের ছোট বোন মেধা মৃত্রিকা রায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’-এর মালিক ফরিদ আহমদসহ অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলেও তিনি জানান।
ওসি আরও বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে নিহত পর্যটকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ঘটনার পর নিহতের স্বজনরা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি প্যারাসেইলিং পরিচালনা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করেই ঝুঁকিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গ থেকে মরদেহ নিয়ে খুলনার উদ্দেশে রওনা হওয়ার আগে নিহতের ছোট বোনের স্বামী আলী মোর্শেদ সিফাত সাংবাদিকদের বলেন, প্রশাসন আগে থেকেই জানত যে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন নেই এবং নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ। এরপরও তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি। তিনি অভিযোগ করেন, এই অবহেলাই একজন পর্যটকের প্রাণহানির কারণ হয়েছে এবং কক্সবাজারের পর্যটন ব্যবস্থাপনার দুর্বলতাও এতে স্পষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির বিষয়।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই জেলা প্রশাসন অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দরিয়ানগর এলাকায় পরিচালিত অভিযানে ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’-এর স্থাপনা উচ্ছেদ করা হয় এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, তদন্তের স্বার্থে অনুমোদনহীন প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় অক্ষর সৌভিক রায় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ছিটকে পড়েন। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এই ঘটনার পর কক্সবাজারের সমুদ্রসৈকতে পরিচালিত অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রমের নিরাপত্তা, অনুমোদন প্রক্রিয়া এবং প্রশাসনিক তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এ ধরনের সেবার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।








