বোনের বিয়ের বাজার শেষে লাশ হয়ে ফিরলেন ভাই, শোকে স্তব্ধ পরিবার

বাড়িতে চলছিল বিয়ের উৎসবের প্রস্তুতি। আর মাত্র একদিন পরই বসার কথা ছিল বোনের বিয়ের আসর। সেই আয়োজনকে ঘিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাজার করতে বেরিয়েছিলেন ফেনীর ছাগলনাইয়ার যুবক ছায়েদুল হক ফনি (৩২)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে নিথর দেহে ফিরলেন তিনি। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছায়েদুল হক ফনি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘরিয়া পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নয়ন জানান, আগামী শুক্রবার ফনিরের চাচাতো বোনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটা শেষে বারৈয়ারহাট থেকে টমটমযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সমিতি বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে টমটমটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফনির মৃত্যু হয়। এ সময় তার চাচা আলম ও টমটমচালক গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই নোমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।







