ধর্ম-বর্ণের ঐক্যে সর্বজনীন বাংলাদেশ গড়তে হবে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর ভিন্নতা ভুলে সব মানুষের ঐক্যের ভিত্তিতে একটি বৈষম্যহীন ও সর্বজনীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। এ উদ্যোগের মূল প্রতিপাদ্য—‘সবার আগে বাংলাদেশ’।
বিজ্ঞাপন
রবিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গারো, হাজং, কোচ, বানাইসহ দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে আসছে। দেশের এই বহুত্ববাদই বাংলাদেশের বড় শক্তি। তাই বৈচিত্র্যকে ধারণ করে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে একটি সর্বজনীন রাষ্ট্র গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দর্শনের অন্যতম লক্ষ্য এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। রাষ্ট্র হবে সবার জন্য সমান সুযোগ, ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করার প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
বিএনপির এই নেতা আরও বলেন, কোনো নাগরিকের প্রতি বৈষম্য, অবহেলা কিংবা বঞ্চনা গ্রহণযোগ্য নয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও গারো পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রসঙ্গ তুলে প্রিন্স বলেন, তাঁদের উন্নয়নকে শুধু রাস্তাঘাট, অবকাঠামো কিংবা অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণকেও উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্য মানুষের শক্তি বাড়ায়, আর অনৈক্য বিভাজন তৈরি করে। তাই ক্ষুদ্র ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে কখনো রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাবে।
বিজ্ঞাপন
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান সুভাষ চন্দ্র বর্মণের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, টিডব্লিউএর মহাসচিব বিপুল হাজং, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সুব্রত রেমা, শুভ্রা পান্ত্রাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ।








