Logo

হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
১৬ আগস্ট, ২০২৬, ১৩:০২
হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আল আমিন শিকদার (৩৫) নামে এক মিনি কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি মিনি কাভার্ডভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে কাভার্ডভ্যানটির সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানটি ওই গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আল আমিন শিকদার গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর কাভার্ডভ্যানের ক্ষতিগ্রস্ত সামনের অংশ কেটে চালককে বের করে আনেন তারা। তবে ততক্ষণে আল আমিনের মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল জানান, নিহত আল আমিন শিকদারের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা অপর গাড়িটি চলে যায়। গাড়িটি শনাক্ত এবং এর চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অপর গাড়িটির বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD