বিবাহবার্ষিকীতে বাবার বাড়ি যাবার পথে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের পরিবারের জন্য। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির ট্রাকের চাপায় ২০ বছর বয়সী এই গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শামীম মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। আহত শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম বিবাহবার্ষিকীর দিন স্বামীর সঙ্গে বাবার বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন লিজা ও শামীম। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে তারা সাতদরগাহ-রংপুর সড়ক দিয়ে যাওয়ার সময় কালীস্থান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








