শিবচরে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে প্রথম দিনেই ৬৪২ রোগী

মাদারীপুরের শিবচরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পের প্রথম দিনেই চক্ষু চিকিৎসার জন্য ৬৪২ জন রোগী নিবন্ধন করেছেন। পাশাপাশি চর্ম, গাইনি, মেডিসিনসহ অন্যান্য রোগের চিকিৎসা নিতে আরও প্রায় ১২০ জন রোগী নিবন্ধন করেন।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
ক্যাম্পে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, ব্যথা, চুলকানি, পানি পড়া, চোখ লাল হওয়া, ছানি, চোখের পাতার সমস্যা ও অন্যান্য চক্ষুরোগের পরীক্ষা, চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন বয়সী শিশুরাও ক্যাম্পে এসে চিকিৎসাসেবা নিচ্ছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, চক্ষু চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৫০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। আর্থিক সংকটের কারণে তাদের একটি অংশ এতদিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেননি।
বিজ্ঞাপন
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানের তত্ত্বাবধানে ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ, ডায়াবেটিক রেটিনা ও ফ্যাকো সার্জন হিসেবে কর্মরত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর ছানি অপারেশন বা উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের বাছাই করে বিনামূল্যে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ আগস্ট মাদারীপুর শহরের কলেজ রোডে অবস্থিত প্ল্যানেট হাসপাতালে নির্বাচিত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী ছানি অপারেশন, লেন্স সংযোজন, গাইনি চিকিৎসাসহ অন্যান্য সেবাও দেওয়া হবে।
দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও প্ল্যানেট হাসপাতালের পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার জুট অ্যান্ড ফাইবার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব লোকমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকীর জ্যেষ্ঠ কন্যা রোজিনা সিদ্দিকী সোমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার এবং কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট অহিদুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
প্রধান অতিথি আলহাজ্ব লোকমান মোল্লা বলেন, আমি কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনসেবা করছি না। আল্লাহ আমাকে মানুষের সেবা করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাই দায়িত্ব, কর্তব্য ও ভালো লাগা থেকেই মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, আজ ও আগামীকাল এই ক্যাম্পে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের মাদারীপুরের প্ল্যানেট হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন, লেন্স সংযোজন, গাইনি চিকিৎসাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও হাসপাতালের পক্ষ থেকে করা হবে।
আয়োজকরা বলেন, অর্থের অভাবে এলাকার কোনো দরিদ্র ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।








