গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ২৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে ট্রাকের চালক ও সহকারী রয়েছেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। অন্যদিকে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। সংঘর্ষের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের উদ্ধারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।








