দুর্গাপুরে জমি বিরোধে শাশুড়ি খুন, জামাইসহ আটক ৩

নেত্রকোনার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাহারা খাতুন (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ঘরজামাই রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম, তাঁর বর্তমান স্ত্রী ও শাশুড়ির মাকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম একই উপজেলার পাটলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে সাহারা খাতুন ও তাঁর জামাই রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল সাহারা খাতুনকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয়রা রফিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। একই ঘটনায় রফিকুলের বর্তমান স্ত্রী ও তাঁর মাকেও আটক করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এজাহার পাওয়ার পর মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








