Logo

জানাজা শেষে নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২৮ আগস্ট, ২০২৬, ১২:১৬
জানাজা শেষে নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তারা নিজ নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে নিহত সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। পরে প্রশাসনের সহযোগিতায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে। অন্য যেসব মরদেহ এখনো দেশে আসেনি, সেগুলো আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

সৌদি দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, নিহত নওগাঁর সাতজন হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD