ময়মনসিংহ সদরে নজরুল বর্ষ উদযাপনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে ময়মনসিংহ সদর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সংগীত এবং সমাজে তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক দর্শনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলামকে শুধু বিদ্রোহের কবি হিসেবে দেখলে তাঁর সৃষ্টিশীলতার পূর্ণাঙ্গ মূল্যায়ন হয় না। তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতিরও কবি। তাঁর সাহিত্য ও দর্শন সমাজের অন্যায়, বৈষম্য এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দেয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা প্রয়োজন। নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে তরুণ প্রজন্মকে জানার সুযোগ করে দিলে সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ও গান পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে।








