Logo

পেকুয়ায় ব্যবসায়ীর করাতকলে দুর্বৃত্তের আগুন

profile picture
উপজেলা প্রতিনিধি
পেকুয়া, কক্সবাজার
১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২
পেকুয়ায় ব্যবসায়ীর করাতকলে দুর্বৃত্তের আগুন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া পৌরসভার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) এক কাঠ ব্যবসায়ীর করাতকলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করাতকলের কাঠ চিরাইয়ের মেশিনঘর এবং সেখানে মজুত বিপুল পরিমাণ কাঠ পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, আগুনে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পেকুয়া বাজারে মো. কাইছার উদ্দিনের মালিকানাধীন করাতকলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কাঠ ব্যবসায়ী ও করাতকলের মালিকরা জানান, প্রতিদিনের মতো ব্যবসার কাজ শেষ করে রাতে নিজ বাড়িতে চলে যান কাইছার উদ্দিন। তাঁর করাতকলে চারজন শ্রমিক কাজ করলেও রাতে তারা সেখানে অবস্থান করেন না।

রাত সোয়া ৩টার দিকে বাজারের এক পাহারাদার করাতকলের দিকে আগুন জ্বলতে দেখতে পান। পরে তিনি বিষয়টি কয়েকজন ব্যবসায়ীকে জানান। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই করাতকলের মেশিনঘর ও মজুত কাঠের বড় অংশ পুড়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, এটি স্বাভাবিক কোনো অগ্নিকাণ্ড নয়; পরিকল্পিতভাবে করাতকলে আগুন দেওয়া হয়েছে। তাঁদের দাবি, কাইছারের করাতকলের পাশেই আরও একটি করাতকল রয়েছে। আগুন লাগার পরও পাশের করাতকলটি অক্ষত থাকায় ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. কাইছার উদ্দিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন ব্যবসায়ী মোবাইল ফোনে তাঁকে করাতকলে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে দ্রুত বাড়ি থেকে ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান, তাঁর করাতকল ও মজুত কাঠ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাইছার উদ্দিন বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি কাঠের ব্যবসা করে আসছেন। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা কিংবা ব্যবসায়িক বিরোধ নেই। আগুনের ঘটনায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ”—এমন দাবি করে তিনি ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয়দের কয়েকজনের ধারণা, আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা করাতকলের ভেতরে পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে থাকতে পারে। এরপর আগুন ধরিয়ে দেওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধরন দেখে তাঁদের কাছে ঘটনাটি পরিকল্পিত বলে মনে হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কারা কী উদ্দেশ্যে তাঁর করাতকলে আগুন দিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD