Logo

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৯
লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই থানার শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দীন (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সুজুকি জিক্সার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলের চালক ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনায় মাহি উদ্দীন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে গাড়িটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি জব্দ করে।

বিজ্ঞাপন

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের জন্য পুলিশ কাজ করছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুই তরুণের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD