Logo

কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২০
কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক কর্মী। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গত ৩১ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন সাদ্দাম হাওলাদার। ভিডিওতে তাঁকে সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এ ঘোষণা দিতে দেখা যায়। একইসঙ্গে ভিডিওটির মন্তব্যের ঘরে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসেও বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহারের কথা জানান তিনি।

সাদ্দাম হাওলাদারের ওই ভিডিও ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে হঠাৎ করে তাঁর এমন সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাদ্দাম তাঁর ফেসবুক পোস্টে জানান, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিজেও তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য এবং ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী হিসেবেও কাজ করেছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত থাকার বিষয়টি উল্লেখ করে সাদ্দাম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর পক্ষে সক্রিয় রাজনীতিতে থাকা সম্ভব হচ্ছে না। রাজনীতিকে তিনি একসময় জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখলেও বর্তমানে সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে বিএনপির প্রতি তাঁর কোনো ব্যক্তিগত অভিযোগ নেই বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসার কথাও জানান।

বিজ্ঞাপন

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সাদ্দাম বলেন, তিনি কোনো বড় রাজনৈতিক নেতা কিংবা ত্যাগী নেতাকর্মী নন। নিজের সিদ্ধান্তটি সম্পূর্ণ সচেতনভাবে এবং আত্মসম্মানের সঙ্গে নিয়েছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না রাখার কথাও জানান তিনি।

পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি নিজের রাজনৈতিক জীবনে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান। একইসঙ্গে সবার কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন।

পোস্টে সাদ্দাম আরও জানান, রাজনীতি তাঁর কাছে একসময় আবেগের বিষয় ছিল এবং জনগণের সেবা করার স্বপ্ন থেকেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। রাজনীতির বাইরে থেকেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, সাদ্দাম হাওলাদারের রাজনীতি ছাড়ার বিষয়টি তাঁর জানা নেই। কর্মসূত্রে সাদ্দাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন বলেও জানান তিনি।

মোল্লা বশির আহমেদ পান্না বলেন, কারও সঙ্গে বিরোধ বা কোনো ধরনের ক্ষোভ থেকে সাদ্দাম এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি লিখিতভাবে কোনো পদত্যাগপত্র না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে কেন এমন ঘোষণা দিয়েছেন, সেটিও খোঁজ নিয়ে জানা যাবে।

এদিকে, সাদ্দাম হাওলাদারের ঘোষণার পর তাঁর সাংগঠনিক পদগুলো নিয়ে দলীয়ভাবে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD