Logo

কটিয়াদীতে নজরুল বর্ষ উদ্বোধন, বছরজুড়ে নানা আয়োজন

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২
কটিয়াদীতে নজরুল বর্ষ উদ্বোধন, বছরজুড়ে নানা আয়োজন
ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বছরব্যাপী নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে এ আয়োজন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কটিয়াদী নজরুল একাডেমির সহসভাপতি সাজেদুল ইসলাম সেলিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কালজয়ী কবি নন, তিনি অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে মানুষের অধিকার ও সাম্যের পক্ষে সোচ্চার এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মের মধ্যে মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সময়ে তরুণ প্রজন্মকে মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের পথে এগিয়ে নিতে নজরুলের দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম তরুণদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পারে।

আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে কটিয়াদী উপজেলায় বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে স্কুল-কলেজ পর্যায়ে নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেমিনার, বইমেলাসহ নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন থাকবে।

বছরব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শন সম্পর্কে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়াই আয়োজকদের প্রধান লক্ষ্য বলে জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD