ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত আট যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। ইমাম পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১৫৯। অন্যদিকে শ্যামলী বাংলা পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১০৭।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট তিনজনের প্রাণহানি হয়েছে।
নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০), হালুয়াঘাট উপজেলার ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক এবং অজ্ঞাতনামা এক পুরুষ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আটজনের চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে একজন ও রাত সাড়ে ৭টার দিকে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস দুটি রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, কী কারণে দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








