Logo

কলমাকান্দায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ছয় কাপড়ের দোকান

profile picture
উপজেলা প্রতিনিধি
কলমাকান্দা, নেত্রকোণা
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৩
কলমাকান্দায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ছয় কাপড়ের দোকান
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি কাপড়ের দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের অন্য দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে পাঁচগাঁও বাজারে আগুন লাগার খবর পায় কলমাকান্দা ফায়ার স্টেশন। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার স্টেশন থেকে বাজারটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার হওয়ায় দুর্গম পথ পাড়ি দিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরে কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটার আগুন নেভানোর কাজে যোগ দেন। প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর আরও প্রায় ৩০ মিনিট কাজ করার পর সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুনে পুড়ে যাওয়া ছয়টি দোকানই ছিল টিনশেডের কাঁচা স্থাপনা। প্রতিটি দোকানের আয়তন ছিল আনুমানিক ১২ ফুট বাই ১০ ফুট। দোকানগুলোতে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের মধ্যে পাঁচগাঁও গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দোকানগুলোর কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

কলমাকান্দা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, ভোরে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানগুলোতে কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কোনো সদস্য কিংবা স্থানীয় কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।

দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় পাঁচগাঁও বাজারের অন্য দোকানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD