Logo

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৫
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজা বেগম কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীও আহত হন বলে জানিয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সফরে ঢাকা থেকে নিজের সংসদীয় এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে দেখতে পান তিনি। তাকে এড়াতে গিয়ে গাড়িটি ধাক্কা দিলে ফিরোজা আহত হন। একই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

অন্যদিকে, স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD