Logo

দুই বছর পর মধুখালীতে ওটি চালু, প্রথম দিনেই সফল সিজার

profile picture
উপজেলা প্রতিনিধি
মধুখালী, ফরিদপুর
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৩
দুই বছর পর মধুখালীতে ওটি চালু, প্রথম দিনেই সফল সিজার
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে পুনরায় চালু হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি)। চালুর প্রথম দিনেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সফলভাবে এক দরিদ্র প্রসূতির সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে ও রাজুর স্ত্রী মোসাম্মৎ জান্নাতি (১৮) ৪০ সপ্তাহের গর্ভাবস্থায় পানি ভাঙার জটিলতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করা হয়।

অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসক ডা. সৌরিয়া সুলতানা। তাঁকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান। আর ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স ফারজানা আহাম্মেদ চৈতি।

অপারেশনের পর মা ও নবজাতককে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। সেখানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সীমিত পরিসরে পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে নতুন একটি সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে মা ও শিশুকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ ও একজন এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা গেলে নিয়মিতভাবে ওটি সেবা চালু রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল নিশ্চিত করে এ সেবা নিয়মিত চালু রাখা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD